ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে চতুর্থ দিনে আরও ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এদিন মোট ৭০টি আপিলের শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে। ফলে চার দিনে আপিল শুনানির মাধ্যমে মোট ২০৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করেছেন।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের শুনানিতে ৭১টি আপিল নিষ্পত্তি করা হয়। ওইদিন ৪১টি আপিল মঞ্জুর, ২৫টি নামঞ্জুর এবং চারটি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮টি আপিল মঞ্জুর, সাতটি নামঞ্জুর এবং ছয়টি আবেদন মুলতবি রাখা হয়। আর প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ৭০টি আপিল শুনানির মধ্যে ৫২টি মঞ্জুর ও ১৫টি নামঞ্জুর করা হয়। এ ছাড়া একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিলও গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে ৩০০ আসনে দাখিল করা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

