ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রত্যেক কেন্দ্রে ১৩ জন করে সদস্য মোতায়েন থাকবেন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী ৩ জন অস্ত্রধারীর মধ্যে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে থাকবে। এছাড়া, সারাদেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হবে।
তিনি আনসার সদস্যদের সতর্ক করেছেন, কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও বাধাহীন থাকে।
নবীন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের ইতিহাস, জনগণের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা হৃদয়ে ধারণ করুন। জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করুন, আইনের শাসন রক্ষা করুন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকুন এবং নতুন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত করুন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

