AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ এএম, ১২ জানুয়ারি, ২০২৬

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ইসিতে এ দিনের শুনানি কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১ নম্বর থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন।

এর আগে, শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল নিষ্পত্তি করা হয়। ওইদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের মধ্যে ৫১টি মঞ্জুর করা হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল মঞ্জুর হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি ১৫টি আপিল নামঞ্জুর ও ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।

রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে ইসি মোট ৭০টি আপিলের নিষ্পত্তি করে। এর মধ্যে ৫৭টি আপিল মঞ্জুর করা হয়। একই সঙ্গে ৭টি আপিল নামঞ্জুর এবং ৬টি আপিল পরবর্তী শুনানির জন্য মুলতবি রাখা হয়। এছাড়া আগে বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!