লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন হয়েছে। অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানানো হয় দেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
সকাল থেকেই রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ঢলে জানাজাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে মানুষের স্রোত ছড়িয়ে পড়ে খামারবাড়ি, ফার্মগেট ও আসাদগেট পর্যন্ত।
জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতারা ও পরিবারের সদস্যরা।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হলেও শোকের আবহ কাটেনি। দাফনের উদ্দেশ্যে মরদেহবাহী গাড়ি রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষকে হাত তুলে দোয়া করতে দেখা যায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

