স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদায় এ দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বে থাকা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন করেছেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সহায়তায় নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।
এর আগে অধ্যাপক এম আমিনুল ইসলাম কয়েক মাস আগে পদত্যাগ করেন। পরে গত ২৫ ডিসেম্বর খোদা বকশ চৌধুরী দায়িত্ব ছাড়েন। সর্বশেষ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগের মাধ্যমে এই তিন বিশেষ সহকারীর কেউই আর দায়িত্বে রইলেন না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

