সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে। প্রতিটি ধাপের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজনে কিছু স্থানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করবেন।
প্রেস সচিব আরও জানান, সম্প্রতি বড় ধরনের গণজমায়েত ও জানাজা আয়োজনের অভিজ্ঞতা অনুযায়ী এই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি পর্যালোচনা করে নিরাপত্তা আরও সুসংগঠিত করেছে।
বিএনপির সঙ্গে নিয়মিত সমন্বয় রাখার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনায় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। সাধারণ ছুটির কারণে রাজধানীতে ভিড় বাড়ার সম্ভাবনা থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসমাগম সামলাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

