বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি শোকবার্তা প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেছেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের উন্নয়ন, পাশাপাশি ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মোদি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেছেন।
প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে শক্তিশালী করবে। তিনি প্রার্থনা করেছেন, সৃষ্টিকর্তা খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দিন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

