ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। নির্ধারিত সময় পার হলে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে ইসি।
এদিকে, গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
সংশোধিত তফসিল অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

