ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে ধানমন্ডিতে ছায়ানট ভবনে একদল উত্তেজিত লোক হামলা ও ভাঙচুর চালায়, এতে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, শরিফ ওসমান হাদির শহীদি মৃত্যু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবে। এই শোকাবহ সময়ে একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ছায়ানটের মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, এই ধরনের হামলা শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গেও সাংঘর্ষিক।
সংস্কৃতি উপদেষ্টা আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার তৎপর রয়েছে। পাশাপাশি ছায়ানট ভবনের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে সংস্কৃতি মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তরের এই সংবেদনশীল সময়ে সব ধরনের হঠকারী ও অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

