আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ জানায়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের ভিত্তিতেই এই পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েনের অনুমোদন দিয়েছেন।
প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তার ভাষায়, এই মিশন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক মূল্যায়ন উপস্থাপন করবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার রক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের প্রতিফলন।
ইইউর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক নির্বাচনের স্বীকৃত মানদণ্ড অনুসরণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এই মিশন। একই সঙ্গে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে পর্যবেক্ষক দল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

