সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নাম থাকা অন্য দুই ব্যক্তি হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, বিষয়টি সাইবার-সংক্রান্ত অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হতে পারে।
থানায় জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে সক্রিয় থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। অভিযোগে দাবি করা হয়, অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের বিভিন্ন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর পুনরুজ্জীবনের পক্ষে বক্তব্য ও প্রচারণা চালাচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে বলা হয়।
এতে অভিযোগকারীর দাবি, এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের উসকানি দিচ্ছে, যার ফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের মতো ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
এদিকে, একই রাতে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

