ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা যদি ভারতে প্রবেশের করে, তবে তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে স্পষ্ট বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এসব বিষয়ে ভারতের কাছে ঢাকার গভীর উদ্বেগ তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে অন্তত পাঁচবার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ।
এদিকে হামলায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত এলাকা ত্যাগ করে।
পুলিশ জানিয়েছে, তিনটি মোটরসাইকেলে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি একটি রিকশায় করে যাচ্ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

