সাংবাদিকতা আমার পেশা ও নেশা
‘সাংবাদিকতা আমার পেশা ও নেশা। আমরা যারা তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা করি তাদের কষ্ট ও ত্যাগের কথা কেউ বলে না। একটা নিউজ সংগ্রহের জন্য উপজেলা সদর থেকে ৮-১৩ কিলোমিটার দূরে সরেজমিনে যেতে হচ্ছে প্রায়ই।

অথচ আমরা আর্থিক দিক থেকে তার মূল্যায়ন পাই না। উপজেলা পর্যায়ে সাংবাদিকদের ওয়েজবোর্ড রোয়েদাদ অনুসারে যাতে বেতন দেয়া হয়- সে বিষয়ে জাতীয় পর্যায়ের মিডিয়া মালিকদের কাছে আরজি জানাচ্ছি।’

এমন কথা বলেন বরিশালের উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সভাপতি আ. রহিম সরদার। তিনি বর্তমানে দৈনিক আমাদের সময়ের উজিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৭ সালের ১৫ নভেম্বর মাদারশী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী আপদমস্তক সাংবাদিক আ. রহিম সরদার উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন এর আগে। ২০০২ সালে সাংবাদিকতা শুরু করে ডেইলি ঢাকা ট্রিবিউন, ডেইলি ট্রাইবুনাল, দৈনিক বরিশালের আজকাল, মাসিক বরিশাল পরিক্রমা, অনলাইন- বিটিসি নিউজ, বাংলা খবরে কাজ করেছেন।

তিনি স্থানীয় অনেক সংগঠনের সাথে জড়িত। অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক’, জনলোকের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক।

আ. রহিম সরদার বাংলাদেশ আওয়ামী লীগের শিকারপুর ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি অধ্যয়নরত অবস্থায় ছাত্র মৈত্রী, পরে যুব মৈত্রী ও ওয়ার্কার্স পার্টির সক্রিয় সদস্য ছিলেন।

ব্যক্তিগত জীবনে স্ত্রী ও ২ কন্যাসন্তানের বাবা। স্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

