পরিবেশ ও সামাজিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সংগঠক’ ক্যাটাগরিতে সম্মানজনক ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬’ (সিজন-২) পেয়েছেন তরুণ সাংবাদিক ও সংগঠক মো. ইসমাইল হোসেন।
শনিবার (২০ জুন) সন্ধ্যা সাতটায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের গুণীজন, পরিবেশকর্মী ও আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতিতে লাল গালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এই তরুণ সাংবাদিককে।
মো. ইসমাইল হোসেন সাবেক এসএ টেলিভিশনের সাংবাদিক এবং ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। নদী ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় সামাজিক সংগঠন ‘আমরা দুর্বার’-এর সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র (এমআরইউ) গুরুত্বপূর্ণ পদ ‘প্রচার সম্পাদক’ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইসমাইল হোসেন বলেন, “বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি এবং আমার সংগঠন সবসময় নদী, পরিবেশ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছি। সাধ্য অনুযায়ী চেষ্টা করি অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে।
এই গৌরবময় অর্জনটি নিজের মায়ের প্রতি উৎসর্গ করে আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, আজকের এই সম্মাননা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। আজ আমি যে অবস্থানে আসতে পেরেছি, তার সম্পূর্ণ অবদান আমার মায়ের।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই তরুণ সংগঠক আরও বলেন, প্রশাসন ও সরকার যদি আমাদের এই সামাজিক ও পরিবেশবাদী উদ্যোগগুলোর দিকে একটু সুনজর দেয়, তবে আমাদের সংগঠন দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ।
উপস্থিত বিশিষ্টজনেরা মনে করেন, ইসমাইল হোসেনের এই সম্মাননা কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বাংলাদেশের যুবশক্তির সমাজ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে যাওয়ার এক অনন্য প্রতীক।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

