AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৩ পিএম, ১ জুন, ২০২৬

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যা শুনেছেন তাতে মনে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো বিভিন্ন বিষয় জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার বিষয়ে বারবার গুরুত্বারোপ করেছেন। সেই নীতির আলোকে বিভিন্ন ঘটনা মূল্যায়ন ও পর্যালোচনা করা হচ্ছে।

সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় দিবস ও ধর্মীয়-সাংস্কৃতিক উৎসবগুলোর আয়োজন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর, পহেলা বৈশাখ এবং সাম্প্রতিক ঈদুল আজহা উদযাপনে দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উল্লেখযোগ্য কোনো নেতিবাচক পরিস্থিতির খবর পাওয়া যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী জানান, সম্প্রতি সাংবাদিক নেতা, সম্পাদক ও সংবাদপত্র মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তারা সাংবাদিকতার ক্ষেত্রে তুলনামূলক স্বাধীন পরিবেশের কথা উল্লেখ করেছেন। তাদের দাবি অনুযায়ী, বর্তমানে সরকারি কোনো মহল থেকে সংবাদ প্রকাশে চাপ বা হস্তক্ষেপের অভিযোগ পাওয়া যায়নি।

ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, অনেক ক্ষেত্রে ক্ষোভ ও বঞ্চনার প্রতিক্রিয়া হিসেবেও মামলা হয়েছে। এসব মামলার যথার্থতা ও আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—সুনির্দিষ্ট অভিযোগ বা অপরাধের প্রমাণ ছাড়া কাউকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না। তবে যেসব অভিযোগের ভিত্তি রয়েছে, সেগুলো দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!