বিকেলের আড্ডা আর এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে মুচমুচে চিকেন নাগেট-এমন নাস্তার লোভ সামলানো অনেকের কাছেই কঠিন। তবে একই স্বাদের বাইরে এসে এবার তৈরি করতে পারেন সুস্বাদু আলু নাগেট। অল্প কিছু উপকরণেই তৈরি হওয়া এই রেসিপি যেমন খরচে সাশ্রয়ী, তেমনি বানাতেও লাগে খুব কম সময়।
বাইরে মচমচে আর ভেতরে নরম এই আলু নাগেট টমেটো সস, মেয়োনিজ বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে আরও জমজমাট। বিকেলের আড্ডা, শিশুদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে দারুণ একটি স্ন্যাকস।
আসুন জেনে নেওয়া যাক আলুর নাগেট তৈরির কীভাবে তৈরি করবেন-
উপকরণ
আলু ৩টি
ডিম ১টি
মরিচের গুঁড়া আধা চা চামচ
গোলমরিচের গুঁড়া সামান্য
ধনিয়া পাতা কুচি আধা কাপ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
ব্রেডক্রাম্বস পরিমাণমতো
ময়দা ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিন। এরপর এতে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ এবং কুচি করা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ার ও ময়দা যোগ করে এমনভাবে মেশান, যাতে একটি নরম কিন্তু শক্ত ডো তৈরি হয়।
এরপর মিশ্রণটি একটি সমান পুরুত্বে ছড়িয়ে পছন্দমতো নাগেটের আকারে কেটে নিন। প্রতিটি টুকরা প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ভালোভাবে ব্রেডক্রাম্বসে গড়িয়ে কোট করে নিন।
একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে মাঝারি আঁচে নাগেটগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
গরম গরম আলুর নাগেট টমেটো সস, মেয়োনিজ বা পছন্দের যেকোনো ডিপের সঙ্গে পরিবেশন করুন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

