জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যা বাস্তবায়নের ক্ষমতা বর্তমান সংসদের রয়েছে। সনদটি কীভাবে বাস্তবায়িত হবে, তাও এতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, “জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের কোনো সম্পর্ক নেই—এ বিষয়টি সংসদেও পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।”
তিনি দাবি করেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। তবে বাংলাদেশ এখনো তুলনামূলক সহনীয় পর্যায়ে দাম ধরে রেখেছে। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, কিছু অসাধু চক্র অতিরিক্ত তেল কিনে মজুত করছে।
এ ধরনের কার্যক্রম ঠেকাতে প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল-নদী দখলমুক্ত ও পুনঃখনন ছাড়া দেশের পরিবেশ রক্ষা সম্ভব নয়। তিনি জানান, দখলমুক্ত করতে শক্ত অবস্থান নেওয়া হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

