বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক প্রবীন কুমার।
প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত অপরাধ দমন এবং ভারতে অবস্থানরত নথিবিহীন বাংলাদেশিদের প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেতে পারে। এছাড়া সীমান্তে দায়িত্ব পালনকালে বিএসএফ সদস্যদের ওপর হামলার অভিযোগসহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে ভারত সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। সীমান্ত সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কিছু এলাকায় কাঁটাতারের বেড়া সম্প্রসারণ, নজরদারি বৃদ্ধি এবং আটক অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ হোল্ডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি। ভৌগোলিক ও অন্যান্য জটিলতার কারণে প্রায় ১৭৪ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়গুলো বৈঠকের অন্যতম আলোচ্যসূচি হতে পারে।
উল্লেখ্য, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ ধরনের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
সূত্র: পিটিআই
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

