চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনায় শি জিনপিং পুতিনকে স্বাগত জানান। এ সময় দুই নেতা লাল গালিচায় একসঙ্গে হাঁটেন এবং সামরিক ব্যান্ড চীন ও রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরে তারা করমর্দন করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরের পরপরই পুতিনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সফরের মাধ্যমে বেইজিং ও মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত মিলছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীন ও রাশিয়া দীর্ঘ ২৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে। এরই ধারাবাহিকতায় পুতিনের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ইতোমধ্যে বহুবার চীন সফর করেছেন।
ধারণা করা হচ্ছে, বৈঠকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং বৈশ্বিক ভূরাজনীতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পুতিনের সফরে রাশিয়ার শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারাও অংশ নিয়েছেন। ক্রেমলিন সূত্র জানিয়েছে, অর্থনীতি, শিক্ষা, পর্যটন ও অন্যান্য খাতে দুই দেশের মধ্যে প্রায় ৪০টি সমঝোতা ও চুক্তি স্বাক্ষর হতে পারে।
বিশ্লেষকদের মতে, বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে, যা বর্তমানে চীন-রাশিয়া সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

