যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির শীর্ষ নেতারা একটি বড় সম্মেলন কক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
তবে চীনা প্রতিনিধি দলে কারা রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসেছেন। তার ভাষ্য, দুই দেশের মধ্যে অতীতে কোনো সমস্যা দেখা দিলেও দ্রুত আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়েছে।
তিনি আরও বলেন, এই বৈঠককে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে দেখা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল আসবে বলে তিনি আশাবাদী।
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের বর্তমান সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।
সূত্র: বিবিসি
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

