ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৮১টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তৃণমূল কংগ্রেস-এর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি, যা রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।
প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ। বিধানসভা নির্বাচনের ভোটগণনায় এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে মমতার দল।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
এদিকে, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা ভিডিওটি পোস্ট করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে ‘জরুরি বার্তা’ দেন তিনি।
‘জরুরি বার্তায়’ মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। তিনি তার বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
মমতা বলেন, ‘তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

