ইরানের অবরোধে আটকে পড়া আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি—যা আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে—সাম্প্রতিক সংঘাতের জেরে অচলাবস্থার মুখে পড়েছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশ পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা বাড়ার পর থেকে সেখানে চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে বহু জাহাজ আটকে পড়ে।
ট্রাম্প জানান, নতুন এ উদ্যোগের আওতায় হরমুজ প্রণালি অতিক্রমে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তার ভাষায়, বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব দেশ সরাসরি চলমান সংঘাতে জড়িত নয় কিন্তু তাদের জাহাজগুলো আটকে আছে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের লক্ষ্য হলো জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পাঠানো এবং ক্রুদের সুরক্ষা নিশ্চিত করা। দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল থেকে, যা বাংলাদেশ সময় রাতের দিকে পড়ে, ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প এটিকে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে দাবি করেন, এটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট সব পক্ষই উপকৃত হবে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

