AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করল ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২২ এএম, ৫ এপ্রিল, ২০২৬

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে পাল্টা সতর্কবার্তা দিয়ে তেহরান জানিয়েছে, এমন হুমকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।

ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে কঠোর ভাষায় নাকচ করে। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুমকি ‘অসহায়, দিশেহারা ও বিবেচনাহীন আচরণের’ বহিঃপ্রকাশ।

শনিবার ট্রাম্প আবারও হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ইরানে ‘নরক’ নেমে আসবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,
‘আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে বা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিনের সময় দিয়েছিলাম। সময় ফুরিয়ে আসছে—এখন হাতে মাত্র ৪৮ ঘণ্টা। এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

তবে ইরান এই হুঁশিয়ারিকে আমলে না নিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির জন্য। আলীআবাদি বলেন,
‘এই ধরনের বক্তব্য আগুনে ঘি ঢালার শামিল এবং এর দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।’

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই কৌশলগত জলপথের ওপর নির্ভরশীল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বাড়তে শুরু করে, যা এখন নতুন মাত্রা পেয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!