মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি করতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানকে ‘নরকের’ মুখোমুখি হতে হবে।
শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
তিনি লেখেন, “আমি ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময় দিয়েছিলাম। সময় দ্রুত ফুরিয়ে আসছে—আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।”
এর আগে গত ২১ মার্চ ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে না দেয়, তবে দেশটির প্রধান বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে।
তবে পরবর্তীতে তিনি জানান, ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলায় সেই হামলার পরিকল্পনা সাময়িক স্থগিত করা হয়েছে। পরে এই সময়সীমা আরও বাড়ানো হয়, যা আগামী সোমবার রাত পর্যন্ত কার্যকর থাকবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

