ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ তাদের নৌবাহিনীর হাতে রয়েছে। মিত্র দেশগুলোর জন্য প্রণালিটি উন্মুক্ত থাকলেও শত্রুদের জন্য তা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যেকোনো হুমকি মোকাবিলায় তাদের নৌ সক্ষমতা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও দাবি করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। তবে এ বিষয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিশ্ব জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হয়।
বিশ্লেষকরা বলছেন, এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালি এখন দৃঢ় এবং পরিপূর্ণভাবে আইআরজিসির নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে এ অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাহিনীটি।
বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং চূড়ান্তভাবে ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে। বুধবার ভোর থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা তেল আবিব ও ওয়াশিংটনের দাবিকে ভুল প্রমাণ করেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

