ইরান যুদ্ধের তিন সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সঙ্কটের মুখোমুখি হয়েছেন; যা ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন-হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না গেলেও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে রাজি।
মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার অভিযান দীর্ঘ সময় নিতে পারে।
এতে তাদের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সামরিক সময়সীমা ছাড়িয়ে যেতে পারে। এই কারণে আপাতত তারা কৌশল বদলাচ্ছেন। আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ-সামরিক শক্তিকে দুর্বল করার দিকে জোর দেওয়া হবে। এরপর কূটনৈতিক চাপ দিয়ে হরমুজ প্রণালী খুলতে বাধ্য করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় “ভালো অগ্রগতি” হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, দ্রুত কোনো সমঝোতা না হলে এবং হরমুজ প্রণালী “ব্যবসার জন্য খুলে না দেওয়া হলে” যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানো হতে পারে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

