মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে কিছুটা সহায়তা করছেন। তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য তেহরানের কাছে পৌঁছাতে পারে।
ট্রাম্প বলেন, “আমার ধারণা, পুতিন হয়তো তাদের একটু-আধটু সাহায্য করছেন—এমনটা হতে পারে।”
তিনি আরও বলেন, পুতিন হয়তো মনে করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। তাই একই ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তা তার থাকতে পারে। ট্রাম্পের ভাষায়, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিধর দেশগুলো অনেক সময় এমন কৌশলগত সহযোগিতায় জড়িয়ে পড়ে।
এদিকে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার দাবি— মস্কো তেহরানকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক শক্তির কিছু তথ্য দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব তথ্যের মধ্যে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সম্পর্কিত তথ্যও থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

