চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনও চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের মো. জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোছা. কারিমা। অপরজন একই এলাকার চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত।
আজ দুপুরে তারা পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অন্য শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পদ্মাপাড়ের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

