ইরানের হোরমোজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ। প্রথমদিকে পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর খবর জানানো হয়েছিল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফারস নিউজ জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্যবস্তু হিসেবে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি উল্লেখ করা হয়েছে। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ফলে আবু ধাবিতে একজনের প্রাণহানি ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে; ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে।
সূত্র: ফারস নিউজ
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

