যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাময়িক বিরতি দিয়েছে রাশিয়া। এই বিরতি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, মানবিক বিবেচনা ও সম্ভাব্য কূটনৈতিক আলোচনার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের সঙ্গে কোনো সমন্বয় হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে ২৯ জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে প্রচণ্ড শীতের কথা বিবেচনায় নিয়ে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেন এবং সাময়িকভাবে হামলা বন্ধ রাখার অনুরোধ জানান। ট্রাম্পের দাবি অনুযায়ী, পুতিন সেই অনুরোধে সম্মতি দিয়েছেন।
একই সময়ে ইউক্রেনের একজন সংসদ সদস্য গণমাধ্যমে দাবি করেন, বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ নিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
বর্তমানে ইউক্রেনে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও আগামী দিনে তা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাও বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ জানুয়ারির শেষ দিকে রুশ হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ইউক্রেন সরকার জানিয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চললেও এখনো ১০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

