ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরণ আপাতত স্থগিত করা হয়েছে। তার পরিবার এবং নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাওয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
২৬ বছর বয়সী এরফান সোলতানি পেশায় একজন দোকান ব্যবসায়ী। রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাসকারী এই তরুণকে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের পর মাত্র তিন দিনের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
বিচার চলাকালে সোলতানির পরিবারের কোনো সদস্য বা আইনগত প্রতিনিধিকে আদালতে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের তথ্যমতে, তার বোন একজন পেশাদার আইনজীবী হলেও তাকেও আদালতে অংশ নিতে দেওয়া হয়নি। গত বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।
সোলতানির এক স্বজন সোমায়েহ সিএনএনকে জানান, মৃত্যুদণ্ড কার্যকর হয়নি—এমন তথ্য তারা পেয়েছেন। তবে দণ্ড পুরোপুরি বাতিল করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পরিবার এখনো নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছে।
পরবর্তীতে মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এর আগে একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে দাবি করেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে যুক্তরাষ্ট্র এ তথ্য নিশ্চিত হয়েছে।
ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশ পায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

