ইরানের রাজধানী তেহরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গুলি চালায়। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
টাইম জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাতে জানা গেছে—শহরের অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন।
সাময়িকীটির মতে, এই তথ্য সঠিক হলে বলা যায়, আন্দোলন দমনে ইরানি কর্তৃপক্ষ কঠোরতম পথ বেছে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুঁশিয়ারিকেও উপেক্ষা করা হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চললে ইরানের শীর্ষ নেতৃত্বকে এর মূল্য দিতে হবে।
গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশটির অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো হয়। সেখানে অন্তত ৩০ জন আহত হন। নিহতদের বড় একটি অংশ তরুণ বয়সী।
তবে টাইম উল্লেখ করেছে, এসব হতাহতের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

