অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার কার্যক্রম ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে সেবা স্থগিতের কারণে সংশ্লিষ্টদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা বাংলাদেশি নাগরিকদের ভারত ত্যাগের আহ্বান জানায়।
এছাড়া রোববার ভারতের শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত উদ্বেগ বিবেচনায় নিয়ে হাইকমিশনের পক্ষ থেকে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

