দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জন হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এ সময়ে পরীক্ষায় ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
এ ছাড়া চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৪৮ জন। অন্যদিকে, সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

