রাজধানীতে আজ সকালের টানা বৃষ্টিতে যেন আগেভাগেই বর্ষার আমেজ নেমে এসেছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ ধারা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও ঘরমুখো মানুষের যাত্রা যখন তুঙ্গে, ঠিক তখনই বৃষ্টি জনভোগান্তি বাড়িয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী অন্তত ৬ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া টাঙ্গাইল, নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু এলাকায় ২ থেকে ৩ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “গভীর সঞ্চারণশীল স্থানিক মেঘমালার কারণে এই বৃষ্টি হচ্ছে। এ ধরনের মেঘ নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের জন্য বৃষ্টি ঘটায়। অনেক সময় কোথায় বৃষ্টি হবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন হয়ে পড়ে।”
তিনি আরও জানান, বর্তমান বৃষ্টিপাতের প্রবণতা অন্তত তিন দিন থাকতে পারে। তবে বৃষ্টি হবে থেমে থেমে এবং বিচ্ছিন্নভাবে।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আকাশ মেঘলা ছিল এবং হালকা বৃষ্টি চলছিল। তবে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঢাকায় আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে তিনি বলেন, “রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকায় সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

