বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তান তারেকুর রহমান তারেক।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তারেকুর রহমান তারেক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত আব্দুল মতিন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পান।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে তারেকুর রহমান তারেকের এ পদায়নে ফরিদগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

