রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (১৫ মে) রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।
তার পূর্বাভাস অনুযায়ী—
ঢাকা বিভাগ
বিকেল ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ
বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
রাজশাহী বিভাগ
দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ
বিকেল ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ
দুপুর ২টার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ
সুনামগঞ্জ ও সিলেটে চলমান বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরে শনিবার সকাল পর্যন্ত বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ
শেরপুর ও নেত্রকোনার কিছু এলাকায় চলমান বৃষ্টি দুপুর পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যার পর থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

