ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে তার অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবনের নানা ঘটনাই বেশি জায়গা করে নিয়েছে আলোচনায়। সেই জনপ্রিয়তার প্রতিফলন দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।
এতদিন দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে ফেসবুক ফলোয়ারের সংখ্যায় শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এবার তাকে ছাড়িয়ে গেছেন পরীমনি। বর্তমানে তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
অন্যদিকে সাকিব আল হাসানের ফলোয়ার ১ কোটি ৬০ লাখের বেশি। অর্থাৎ প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন পরীমনি।
এর আগে প্রায় তিন বছর আগে সাকিব ও পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা নিয়ে আলোচনা হয়। পরে ২০২৩ সালের আগস্টে আবারও শীর্ষস্থান ফিরে পান সাকিব। তবে এবার বড় ব্যবধানে তাকে পেছনে ফেলে ফেসবুক ফলোয়ারের সংখ্যায় দেশের শীর্ষ অবস্থান দখল করেছেন পরীমনি।
আলোচিত এ অভিনেত্রীর ফেসবুক পেজের অনুসারীরাও বেশ সক্রিয়। তার বিভিন্ন পোস্টে সেটার প্রমাণ মেলে। দুদিন আগে নিজের কন্যার একটি ভিডিও পোস্ট করেছেন পরী।
সে পোস্টে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন এসেছে। এর আগে মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি পোস্ট করেন পরী। ওই পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে ৫৬ হাজার।
এছাড়া পেজটিতে সাম্প্রতিক সময়ে যেসব ভিডিও প্রকাশ করেছেন পরী, সেগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি।
১ কোটি ৭০ লাখ ফলোয়ারের বিপরীতে পরীমনি ফলো করেন সাতজনকে। তবে তারা কারা, সেটা আড়াল রেখেছেন অভিনেত্রী।
এদিকে অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পরীমনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ আর সন্তানদের নিয়েই তার ব্যস্ততা। এর বাইরে টুকটাক প্রচারণামূলক কাজ করেন। গত এক দেড়-বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেগুলোর কাজের অগ্রগতি জানা যায়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

