সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিমুখী কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ, যাদের বড় একটি অংশ ছিলেন শিক্ষার্থী।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডের বেশ কয়েকজন শিল্পী বিজেপি সরকার ও দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। টলিউডেরও কয়েকজন শিল্পী প্রতিবাদে শামিল হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের অভিযোগ, কাজ হারানোর আশঙ্কায় অনেক তারকাই প্রকাশ্যে মত দিতে চান না। তবে সেই ধারণার বিপরীতে অবস্থান নিয়েছেন কয়েকজন পরিচিত শিল্পী। তাদের মধ্যে অন্যতম গায়ক অরিজিৎ সিং।
তিনি এক পোস্টে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করে দিল্লি পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, পরিবর্তনই জীবনের একমাত্র ধ্রুব সত্য।
কৌশিকি বুধবার সকালে ইনস্টাগ্রামে লিখলেন, ‘এটা আমাদের বাচ্চাদের নিয়ে, আমাদের দেশে ভবিষ্যত নিয়ে! তাদের ব্যবহার করা বা তাঁদের কথা না শোনা, কখনোই মেনে নেওয়া যায় না। `তাদের কথা শোনা হোক`। ক্ষমতার অপব্যবহার দিয়ে তাঁদের চুপ করিয়ে রাখা যাবে না। ওদের রক্ত ঝরছে। আর এটা মেনে নেওয়া সম্ভব নয়।’ সঙ্গে হ্যাশট্যাগে #SpeakUp দিয়েছেন।
নিজের এই বার্তা পিকচার কার্ডের মাধ্যমে শেয়ার করে কৌশিকী লেখেন, ‘যখন যুবসমাজ রক্তাক্ত হয়, তখন রক্তাক্ত হয় পুরো দেশ। এটাকে কখনও স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। এটা রাজনীতির বিষয় নয়, এটা মানবতার প্রশ্ন।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

