সিনিয়র-জুনিয়রদের মধ্যে পরিচিতি বাড়ানো এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা আন্তঃবিভাগীয় ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠানের আয়োজন করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগের বর্তমান সব ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
খাওয়া-দাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও উচ্ছ্বাস।
আয়োজক শিক্ষার্থীরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক সময় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ কম থাকে। একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. দিদারুজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের সেকেন্ড হোম। সিনিয়র-জুনিয়র সবাই মিলে আমরা একটি পরিবারের মতো। পরিবারের সবাই একসঙ্গে হলে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, এ ধরনের আয়োজনেও তেমন অনুভূতি কাজ করে। আশা করি, আগামীতে আমাদের উত্তরাধিকারীরা আরও সুন্দরভাবে এ আয়োজন করবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট ড. শাহেদ কামাল পাটোয়ারী, সাবেক উপ-উপাচার্য ও উপদেষ্টা ড. গণেশ চন্দ্র সাহা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক শাহ আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদসহ বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

