অমিতাভ বচ্চন সম্প্রতি নিজের ব্লগে জীবনের এক কঠিন ও আবেগপ্রবণ মুহূর্তের কথা শেয়ার করেছেন বলিউডের ‘শাহেনশাহ’।
জানিয়েছেন, গভীর রাতে যখন বিষণ্নতা ও লক্ষ্যহীনতা তাকে ঘিরে ধরে, তখন পরম বন্ধুর মতো পাশে এসে দাঁড়ান তার ছেলে অভিষেক বচ্চন।
অমিতাভ ও অভিষেকের সম্পর্ক কেবল বাবা-ছেলের প্রথাগত গণ্ডিতে সীমাবদ্ধ নেই বরং বলিউডে তাদের বন্ধুত্ব এক অনন্য উদাহরণ। অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, সম্প্রতি তিনি এক ধরণের অস্থিরতা ও বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন।
মানসিক চাপের সেই মুহূর্তে কোনও পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ তার ঘরে এসে হাজির হন অভিষেক। ছেলের এই আকস্মিক উপস্থিতি মুহূর্তের মধ্যে বিগ বি-র সব নেতিবাচকতা ও দুশ্চিন্তা ধুয়ে মুছে দেয়।
ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অমিতাভ লেখেন, ‘অভিষেক একজন সুন্দর, অত্যন্ত সহানুভূতিশীল সঙ্গী, বন্ধু এবং আরও অনেক কিছু।’
দশকের পর দশক ধরে লাইমলাইটে থাকার পর আজ এই বয়সে এসে প্রবীণ এই অভিনেতা অনুভব করছেন, পরিবারই তার কাছে শেষ পর্যন্ত সবথেকে বড় আশ্বাসের জায়গা।
বর্তমানে বাবা-ছেলে দুজনেই ক্যারিয়ারের এক পরিণত সময় পার করছেন। ২০২৪ সালে তামিল অ্যাকশন ড্রামা ‘ভেটাইয়ান’-এ রজনীকান্ত ও ফাহাদ ফাসিলের সাথে অমিতাভের দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

