২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচের বীজ, রোপা আমন ধানের বীজ, বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর,শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনীষা আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বীজ, সার, চারা ও কৃষি উপকরণ বিতরণের ফলে কৃষকরা নতুন উদ্যমে আবাদ কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে বলেন, কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের হাতে হাইব্রিড মরিচের বীজ, রোপা আমন ধানের বীজ, বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

