ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কৃষি প্রণোদনা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে আউশ ও আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কৃষকের মাঝে মোট ১,৪২০টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
পাশাপাশি উফশী আমন ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার ৪০০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়া হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ এবং সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। তিনি সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, কৃষি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরও লাভবান হবেন। তিনি কৃষকদের সরকারি সহায়তার সর্বোচ্চ সুফল গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুরাইয়া মমতাজ। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি কৃষিকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপকারভোগী কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে কৃষি প্রণোদনা, গাছের চারা ও অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

