AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৬ পিএম, ২ জুলাই, ২০২৬

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম দিনে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কুরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি) ও ডিপ্লোমা-ইন-কমার্সের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, তিন ধারায় মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১ হাজার ১২০ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৩৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী ছিলেন।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, ময়মনসিংহে ১ হাজার ১৪২ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। শতকরা হারের দিক থেকে বরিশাল বোর্ডে অনুপস্থিতির হার ছিল সর্বোচ্চ ২ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হন। তবে প্রথম দিনের পরীক্ষায় কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!