দেশের ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দীর্ঘদিন ধরে নতুন ভবনবিহীন স্কুলগুলোর তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অনেক বিদ্যালয় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে। এসব ভবনের অবস্থা যাচাই করে দ্রুত তালিকা প্রস্তুত করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, যেসব বিদ্যালয়ের ভবনের কলাম, বিম বা ছাদে ফাটল রয়েছে, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা যেসব ভবনের প্লাস্টার খসে রড বের হয়ে গেছে—সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে কর্তৃপক্ষ কর্তৃক অকেজো ঘোষিত ভবনও তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া টিনশেড বা অস্থায়ী কক্ষেও যেসব বিদ্যালয়ে পাঠদান চলছে, সেগুলোকে নতুন ভবন নির্মাণের জন্য অগ্রাধিকার তালিকায় রাখার কথা বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যেসব বিদ্যালয়ে ২৫ বছরেও নতুন ভবন নির্মাণ হয়নি এবং যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে—সেসব তথ্য জেলা ভিত্তিকভাবে সংগ্রহ করে আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছকে সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনার অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

