দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় প্রতিমন্ত্রী জানান, সিঙ্গাপুরের প্রাথমিক শিক্ষাক্রম আন্তর্জাতিকভাবে কার্যকর ও সুসংগঠিত হিসেবে স্বীকৃত। এ কারণে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেখানকার অভিজ্ঞতা গ্রহণ গুরুত্বপূর্ণ হতে পারে।
তিনি আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান বাড়ানোর উদ্যোগও জোরদার করা হয়েছে।
ভাষা শিক্ষার ক্ষেত্রে পাঠ অনুধাবন, শ্রবণ, বলা ও লেখার দক্ষতা বাড়াতে নতুন কৌশল গ্রহণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সাক্ষাতে সিঙ্গাপুরের প্রতিনিধি জানান, শিক্ষা খাতে সক্ষমতা উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে সহযোগিতা দিতে তাদের আগ্রহ রয়েছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিদের জন্য স্টাডি প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা যেতে পারে।
বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

