AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৯ পিএম, ২ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বোর্ডের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।

এতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা খানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট যথাযথভাবে যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্র দুটি সেটে (সৃজনশীল ও বহুনির্বাচনি) পৃথকভাবে নির্ধারিত তারিখ অনুযায়ী সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। যাচাইয়ের দিন সংশ্লিষ্টদের উপস্থিতিতে খাম সিলগালা করে তার ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে লিখতে হবে। কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষার দিনে ট্রেজারি অফিসারের কাছ থেকে নির্ধারিত দিনের সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র সংগ্রহ করে ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে কেন্দ্র পর্যন্ত নিরাপদে পৌঁছাতে হবে। মোবাইল এসএমএসের মাধ্যমে সেট কোড নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে এবং ব্যবহার অনুপযোগী সেটটি ট্রাংকে সংরক্ষণ করতে হবে।

এছাড়া অব্যবহৃত প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দিতে হবে এবং নির্ধারিত সেট কোডের বাইরে কোনো সেটে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!