বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) এ ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশ ঘোষণা করা হয়। এ প্রক্রিয়ায় মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএ জানায়, গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ) অনুযায়ী নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের ভিত্তিতে এই সুপারিশ প্রস্তুত করা হয়েছে। প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ দেওয়া হয়।
নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd)-এর ‘সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)–২০২৬’ সেবা বক্সে পাওয়া যাবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) থেকেও ফলাফল দেখা যাবে।
নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে লগইন করে ফল জানতে পারবেন। একইভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিজ প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

