২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে প্রয়োজনে নতুন করে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে মতভেদ দেখা দেওয়ায় প্রয়োজন হলে আবারও আলোচনা করা হবে।
তিনি বলেন, “পরীক্ষার সময়সূচি নিয়ে জনমত ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় আমরা পুনরায় বসতে পারি। রমজানের কারণে পরীক্ষা এক মাস এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় ছিল। অন্যথায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। এখন অনেকেই রমজানের পর পরীক্ষা শেষ করার পক্ষে মত দিচ্ছেন।”
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও সিলেবাস যথাযথভাবে সম্পন্ন হওয়ার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ প্রয়োজনীয় পাঠদান সম্পন্ন না হলে পরীক্ষার আয়োজন করা সম্ভব নয়।
তিনি জানান, জনসাধারণ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

