শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সেশনজট কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘ওয়ান গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, ১০ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য সামনে রেখে সিলেবাস ও শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন সময়মতো সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে পারে এবং অপ্রয়োজনীয় সময়ক্ষেপণের শিকার না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি শিক্ষা জীবনে কোনো ধরনের সেশনজট তৈরি না হয়, সেটিও নিশ্চিত করার চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে পরীক্ষা ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করতে কাজ করা হচ্ছে। সবাই সুন্দর ও স্বচ্ছ পরীক্ষা চায় বলেও মন্তব্য করেন তিনি।
পাঠ্যসূচিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বিভিন্ন দিক নিয়ে কাজ চলছে এবং ভবিষ্যতে আরও সংস্কার আনা হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

